সিলেটে ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা, মা আটক।
সিলেটে মাত্র এক বছর আট মাস বয়সী এক শিশুকে নিজের মা গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) ভোরে জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে শিশুটির বাবা আমির আলী ফজরের নামাজে মসজিদে গেলে ঘরে মা ও ঘুমন্ত শিশু একা থাকে। এই সুযোগে অভিযুক্ত মা সুবিনা বেগম ধারালো বটি দিয়ে নিজের সন্তানের গলা কেটে ফেলেন বলে অভিযোগ। স্থানীয়রা জানান, সুবিনা দীর্ঘদিন ধরে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জালালাবাদ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো তদন্তাধীন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় এখনো দেশজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মতামত দিন