মৎস্য ব্যবসায়ী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার।
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মৎস্য ব্যবসায়ী জসীম সিকদার বাবু হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর টিয়াখালী এলাকা থেকে মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সনজিত চন্দ্র নাথ। তিনি জানান, প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে মধু নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
পুলিশ জানায়, এ নিয়ে মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঘটনার দিন সিসিটিভি ফুটেজ দেখে সিয়াম ও শহীদ নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে গভীর রাতে পলাশপুর কলোনির একটি গলিতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বাবুকে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
তদন্তসংশ্লিষ্টদের দাবি, এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে যুবলীগকর্মী মধু মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় রোববার নগরীর সদর রোডে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। তার একদিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো।

মতামত দিন