কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে ডিবির অভিযান, অস্ত্র ও ড্রোনসহ ৪ জন গ্রেপ্তার।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে বড় ধরনের একটি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে একাধিক স্থানে একসঙ্গে অভিযান চালায় ডিবির রমনা বিভাগের দলগুলো। পুরো অভিযান চলে দুপুর পর্যন্ত।
অভিযানের বিভিন্ন ধাপে চারজনকে আটক করা হয়। তারা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ এবং আবু বক্কর।
অভিযানে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি, গুলির খোসা, কয়েকটি মোবাইল ফোন, ড্রোন এবং ড্রোন পরিচালনার সরঞ্জাম। পাশাপাশি কিছু লিফলেট ও বইও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় কামরাঙ্গীরচরের একটি বাড়ি এবং কেরানীগঞ্জের দুটি পৃথক এলাকা কেন্দ্র করে গোয়েন্দারা একযোগে অভিযান চালায়।
পুলিশের ধারণা, আটক ব্যক্তিরা একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন