সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে করা পাঁচটি পৃথক মামলায় দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে—জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী হত্যার অভিযোগ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা চারটি মামলা। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরও একটি পৃথক মামলাও রয়েছে।
এর আগে এসব মামলার মধ্যে চারটিতে গত ৮ মার্চ এবং দুদকের মামলায় ১১ মার্চ খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে।
চেম্বার আদালত ৮ এপ্রিল আবেদনগুলো নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৬ এপ্রিল নির্ধারণ করে দেয়। সেই ধারাবাহিকতায় শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার সিদ্ধান্ত জানায়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।
অন্যদিকে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তাকে সহায়তা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী জাহাঙ্গীর হোসেন ও আশিক উল হক।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেফতার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মতামত দিন