অপরাধ
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আগে দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়। অভিযানের সময় হঠাৎ আসামি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং গ্রেপ্তারে বাধা দেয়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় দফায় হামলায় আরও দুই পুলিশ সদস্য আহত হন। পরে আসামিদের আটক করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়ি আটকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলেও জানায় পুলিশ।

ঘটনার পর নাইম ইসলাম (৪০) ও সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাইম ধামরাই উপজেলা যুবদলের সদস্য এবং রাজনৈতিকভাবে একটি পক্ষের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতসহ আরও ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সরকারি কাজে বাধা, হামলা ও মারধরের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন