অপরাধ
ছবি: সংগৃহীত

শেরপুরে আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণ করায় শেরপুরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি দ্রুত মজুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গোপালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। সেখানে গিয়ে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত অনুমোদন ছাড়াই বড় ট্যাংকে বিপজ্জনক দাহ্য পদার্থ রাখা হয়েছে।

এ ঘটনায় ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। একইসঙ্গে একদিনের মধ্যে ট্যাংকসহ সব ডিজেল সরিয়ে ফেলতে বলা হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, প্রায় ২৫ হাজার লিটার ডিজেল মজুত করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে আশপাশের বাসিন্দাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছিল।

ম্যাজিস্ট্রেট জানান, আবাসিক এলাকায় এভাবে জ্বালানি মজুত রাখা সম্পূর্ণ অনিরাপদ। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তেল সরানোর সময়ও প্রশাসনের তদারকি থাকবে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্স ও কার্যক্রমও যাচাই করে দেখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

মতামত দিন