ভারত সীমান্ত থেকে মাটির নিচে লুকানো প্রায় সাড়ে ৯ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার।
ভারতের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার কালামোড়া এলাকায় একটি জঙ্গলের ভেতরে মাটি খুঁড়ে এসব পণ্য উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, সানগ্লাস এবং ভারতীয় শাড়ি। সব মিলিয়ে এসব পণ্যের সংখ্যা কয়েক হাজারের বেশি। এগুলো সীমান্ত পিলার সংলগ্ন এলাকার ভেতরে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে, যার বাজারমূল্য শত কোটি টাকার বেশি।
মতামত দিন