খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটির পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত লিটন ত্রিপুরা (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে। পরে ভুক্তভোগী নারী ওই রাতেই মাটিরাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে শিক্ষিকা খাগড়াছড়ি সদর থেকে এক বন্ধুর মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে অস্ত্র দেখিয়ে শিক্ষিকাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করার পর অভিযুক্ত ১০ হাজার টাকা দাবি করে।
ঘটনার পর ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেন। সেনা সদস্য ও স্থানীয়দের সহায়তায় লিটন ত্রিপুরাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
মতামত দিন