নারায়ণগঞ্জে কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা।
নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর এলাকায় প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং নেতা নাহিয়ান আজম ইভান (২৫) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামের কাছে এই ঘটনা ঘটে।
নিহত ইভান ফতুল্লার সুগন্ধা আবাসিক এলাকার আজম বাবুর ছেলে। তিনি এলাকায় আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইভানের নামে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে জড়িত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি রাজধানীর গুলিস্তানে অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে তার অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের হয়।
স্থানীয়দের সঙ্গে পুলিশের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইভানের সঙ্গে ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এক মাস আগে ‘চোর’ হিসেবে অভিযোগ করে ইভান তাদের মারধর করেন, যা প্রতিশোধের কারণ হিসেবে কাজ করে।
নিহতের বড় ভাই রাফিন জানান, রাত সাড়ে ৮টার দিকে ইভান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্টেডিয়াম এলাকায় ৮-১০ জনের একটি গ্রুপ পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আজম বাবু বলেন, “আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে, ইভানের পুরনো অপরাধের মধ্যে রয়েছে ২০২০ সালের ৪ ডিসেম্বর ইয়াবাসহ গ্রেফতার, ২০২২ সালের মার্চে ৮ সহযোগী ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার, একই বছরের ১৯ মে পুনরায় গ্রেফতার এবং ২০২৩ সালের ডিসেম্বর ৫ সহযোগীসহ গ্রেফতার।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
মতামত দিন