বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড পেলেট জব্দ, দুই ভারতীয় নাগরিক আটক।
যশোরের বেনাপোল স্থলবন্দরেই এক ভারতীয় ট্রাক থেকে এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড এয়ার পেলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
রোববার দুপুরে বেনাপোল আইসিপির প্রধান গেটে ভারতীয় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় গুরজীত সালুজা (৩১) ও ট্রাকের হেল্পার রাম দাস নাওয়াদি (২৪) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৮/৩ এস থেকে মাত্র ১০ গজ দূরে বাংলাদেশে প্রবেশের সময় ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময়ে এয়ার পিস্তল ও পেলেট উদ্ধার করা হয়।
যশোর ঝুমঝুমপুর বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকের ড্রাইভারের দেহ তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অস্ত্র বা বিপজ্জনক সামগ্রী আনা কখনোই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

মতামত দিন