ডিএসসিসিতে তেল বিলের গোপন খতিয়ান,অভিযানে প্রাথমিকভাবে সত্যতা পেল দুদক।
দুদকের অভিযোগে বলা হয়েছে, কর্মকর্তারা অফিসে উপস্থিত না থাকার পরও প্রতিদিন গাড়ির জন্য ১৪ থেকে ১৫ লিটার জ্বালানি খরচ হিসাব করা হয়েছে। নগর ভবনের হিসাব অনুযায়ী, বন্ধ থাকা মাসগুলোয় তেল খাতে খরচ দেখানো হয়েছে স্বাভাবিক মাসের মতোই।
রোববার (৭ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল নগর ভবনে অভিযান চালায়। নথিপত্র, খাতাবই এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন।
এদিকে, অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন না। সহকারী ব্যবস্থাপক গোলাম মোর্শেদ জানান, যেকোনো অসঙ্গতির বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষের নির্দেশ প্রয়োজন।
দুদকের কর্মকর্তা জানান, জব্দকৃত নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে, যাতে বিষয়টি আইনানুগভাবে সমাধান করা যায়।

মতামত দিন