চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তাদের গোপন ও অবৈধভাবে অর্জিত সম্পদের পরিমাণ ৬৬ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৯৮১ টাকা। এটি গত বছরের জুলাই মাসে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান থাকাকালীন শামসুদ্দোহা ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করেছেন। এ অর্থ বিভিন্ন তফসিলি ব্যাংকের হিসাবের মাধ্যমে, সন্দেহজনক উৎস থেকে আসা অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের মাধ্যমে জমা হয়। তিনি ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এবং পরে তা তুলে তার উৎস ও মালিকানা গোপন করার চেষ্টা করেন।
অতিরিক্তভাবে, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদও গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। দুদকের অনুসন্ধানে আরও ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭৮ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদ গোপন রাখার এবং ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার অজ্ঞাত আয়ের সম্পদ অর্জনের।
মতামত দিন