গোয়াইনঘাটে শিশু অপহরণকারী সন্দেহে গ্রেপ্তার,নারায়ণগঞ্জের শুটার রিয়াজ।
সিলেটের গোয়াইনঘাটে ধরা পড়েছে নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আলীর গ্রাম এলাকায় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছিলেন তিনি। কিন্তু স্ত্রীকে কিছু না জানিয়ে নিজের দুই সন্তানকে নিয়ে জাফলং থেকে বের হয়ে পড়েন। আগে থেকেই র্যাব-১১ ও র্যাব-৯ এর বিশেষ টিম তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। তামাবিল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দেয়। পালাতে গিয়ে তিনি আলীর গ্রামে ঢুকে পড়েন এবং এক বাড়ির বারান্দায় শিশুদের রেখে পালানোর চেষ্টা করলে গ্রামবাসীর সন্দেহ হয়।পরে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
গোয়াইনঘাট উপজেলা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, প্রথমে বিষয়টি পারিবারিক কলহের জের বলে মনে হয়েছিল। কিন্তু থানায় নেওয়ার পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—আসামি আসলে নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী শুটার রিয়াজ।
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, রিয়াজুলের বিরুদ্ধে প্রাথমিকভাবে ২২টি মামলা রয়েছে। নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা আগে থেকেই চলমান। বিস্তারিত যাচাই শেষে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ এপ্রিলও র্যাব তাকে চার সহযোগীসহ আটক করেছিল। তখনই তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, জমি দখল, অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ বহু অপরাধের অভিযোগ উঠে আসে। রূপগঞ্জ, সোনারগাঁ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে তার বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।
মতামত দিন