অপরাধ
ছবি: সংগৃহীত

বরগুনায় বিএনপি অফিসে হামলার মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবী কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

বরগুনায় বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। জামিন চেয়ে আত্মসমর্পণ করলেও তাদের আবেদন খারিজ করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান তারা। তবে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদের বিরুদ্ধে এই আদেশ এসেছে তারা হলেন—মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা শেষে একদল আওয়ামীপন্থি আইনজীবী মিছিলসহ বিএনপি অফিসে গিয়ে ভাঙচুর চালান। তারা লোহার রড ও পাইপ ব্যবহার করে আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট করেন এবং অগ্নিসংযোগ করেন।

পরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এতে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের মোট ১৫৮ জনের নাম উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল আমিন বলেন, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন