নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার।
নোয়াখালীর কবিরহাট পৌরসভার ঘোষবাগ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলাবাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ওজি উল্যাহ, তিনি ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে এবং কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। অভিযোগ অনুযায়ী, তিনি ১৫ টাকা কেজি দরে সরকারি চাল স্থানীয় বাজারে বিক্রি করছিলেন।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব নেন ওজি উল্যাহ। এরপর থেকেই তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠতে থাকে। গত ৩০ আগস্ট বিকেলে তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রি করার সময় এলাকাবাসী তাকে হাতে-নাতে ধরে ফেলে।
ঘটনার খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখেন। স্থানীয়দের অভিযোগ, ডিলার ইচ্ছাকৃতভাবে বিতরণের স্থান পরিবর্তন করে এভাবে নিয়ম ভেঙে আসছিলেন।
পরে উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে সোমবার (১ সেপ্টেম্বর) বিশেষ ক্ষমতা আইনে কবিরহাট থানায় মামলা দায়ের করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত দিন