টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা।
নিজেস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের সাবালিয়া এলাকায় সিটি ক্লিনিক ও দয়াল ক্লিনিকের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানে দি সিটি ফার্মেসিকে ২৫ হাজার, অনিক মেডিকেল হলকে ২০ হাজার এবং দয়াল মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল পণ্য রাখার অভিযোগে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, টাঙ্গাইল জেলায় সব ক্লিনিক এবং ক্লিনিকসংলগ্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানে শহরের স্যানেটারি ইন্সপেক্টর নাহিদ আক্তার, ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন