নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান ও সারাহ ফারজানা হকের পৃথক দুই আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে হাজির করা হলে পুলিশ সিয়ামের সাত দিন ও তরিকুলকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর এবং উপস্থিত নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।এই ঘটনায় ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
অপর মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ছাত্রদলকে ক্যাম্পাসে ‘প্রতিহত’ করার ঘোষণা দেয় ছাত্রলীগ। পরের দিন ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে স্যার এএফ রহমান হলসংলগ্ন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। এই ঘটনায় ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েকজনকে আসামি করা হয়েছে।

মতামত দিন