অপরাধ
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সাঁথিয়া উপজেলার হাঁপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো ছেলে, পুত্রবধূ ও অন্যান্য পরিবার সদস্য।

রোববার (৩১ আগস্ট) দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হবে।

মামলার বাদী বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন। শনিবার (৩০ আগস্ট) রাতে তিনি ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— ছেলে নজরুল ইসলাম (৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), দুই শ্যালক মো.টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০), এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী খাতুন বৃদ্ধা কাঞ্চন খাতুনকে মাটিতে ফেলে মারধর করেন। পরে ছেলে নজরুল ইসলাম তার মাকে ধরে দীর্ঘ সময় গলা টিপে রাখেন। একপর্যায়ে তিনি মাকে তুলে  মাটিতে আছাড় মেরে লাথি মারার চেষ্টা করেন। বৃদ্ধা চিৎকার ও কান্না করলেও আশেপাশে কেউ এগোতে দেখা যায়নি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।সাঁথিয়া থানা পুলিশের ওসি আনিসুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে অভিযুক্তদের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

রোববার (৩১ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে।

মতামত দিন