যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ।
শনিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয় সকালেই।
আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়।
এরপর তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় আসাদুল হক বাবু দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন।
চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।
এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়।পরের দিন ১৮ আগস্ট এই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
মতামত দিন