অপরাধ
ছবি: সংগৃহীত

লাল শার্টধারীর হামলার ভিডিও নিয়ে ভ্রান্ত তথ্য।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় রাস্তায় পড়ে থাকা ও পরে হাসপাতালে নেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে হামলার সময় লাল রঙের টি-শার্ট পরিহিত একজনের মারধরের ভিডিওকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়।

তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার শনিবার (৩০ আগস্ট) জানায়, সিঁড়িতে বসা একজনকে ওই লাল বা খয়েরি শার্টধারী ব্যক্তি বেধড়ক মারধর করেন—এমন ভিডিওকে অনেকে দাবি করছেন এটি নুরুল হক নুরকে পেটানোর দৃশ্য। কিন্তু বিভিন্ন লাইভ সম্প্রচার ও ভিডিও পর্যবেক্ষণ করে দেখা গেছে, সেখানে যিনি মারধরের শিকার হয়েছেন তিনি নুর নন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা যখন নুরুল হক নুরের ওপর লাঠিচার্জ চালায়, তখনই তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন। এরপর দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে রিকশায় করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ফলে পুরো ঘটনাক্রমে নুরুল হক নুরকে সিঁড়িতে বসা অবস্থায় কোথাও দেখা যায়নি। পরবর্তীতে পাওয়া আরও স্পষ্ট ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, সিঁড়িতে মারধরের শিকার ব্যক্তি আসলে গণঅধিকার পরিষদের আরেক নেতা আখতারুজ্জামান সম্রাট।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় নিয়েও অনুসন্ধান চলছে। এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা তাকে চেনেন না বলে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে জেরা করেন। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেন। অন্য একটি ভিডিওতে আবার তাকে পুলিশের সঙ্গে দেখা গেছে এবং এক পর্যায়ে পুলিশের হেলমেট পরে থাকতে দেখা যায়। এসব প্রমাণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তিনি একজন পুলিশ সদস্যই হতে পারেন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত যাচাই শেষে চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।

মতামত দিন