জয়পুরহাটে শিক্ষক দ্বারা ৩৩ শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ।
জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদারের বিরুদ্ধে ৩৩ শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা এ অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে করেছেন।
ঘটনা ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণির কক্ষে। ওই সময় সপ্তম শ্রেণির ‘ক’ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নাফসি তালুকদার প্রায় ২৫ মিনিট দেরিতে, অর্থাৎ সকাল ১০টা ৪০ মিনিটে ক্লাসে পৌঁছান। নবম শ্রেণির শিক্ষার্থীরা মন্তব্য করলে তিনি ক্ষিপ্ত হয়ে নবম শ্রেণির কক্ষে প্রবেশ করে বেত্রাঘাত শুরু করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থী ৩৩ জনকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক এবং ইউএনও’র সঙ্গে আলোচনা শেষে তাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও শামীমা আক্তার জাহান জানান, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তার জবাব পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শিক্ষক নাফসি তালুকদারের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দলীয় অফিস খোলার অভিযোগও আছে। ইউএনও বলেন, কালাই বাসস্ট্যান্ডের পাশে উপজেলা পরিষদের জায়গা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানার টাঙিয়ে অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যা আবারও ঘটেছে। এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, সহকর্মীদের ও সরকারি কর্মকর্তা-ডাক্তারদের সঙ্গে খারাপ ব্যবহারসহ নাফসি তালুকদারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
মতামত দিন