অপরাধ
ছবি: সংগৃহীত

নিঝুমদ্বীপে নামাজরত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চরম আতঙ্ক।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে এশার নামাজ পড়ার সময় নিজ ঘরেই এক গৃ হবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহ পাশের পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ মে) রাত আটটার দিকে।

নিহত নারী আমেনা বেগম (৪৫) ছিলেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয়  বাসিন্দা এমরান মাঝির স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বাড়ি ফিরে ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতরে রক্ত দেখতে  পান স্বামী এমরান মাঝি। এরপর চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় আমেনার নিথর দেহ। খবর পেয়ে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতের পাশে জায়নামাজ ও কোরআন শরীফ পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে নামাজরত অবস্থায়ই হামলা চালানো হয়। ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক তৈরি করেছে।

নিহতের স্বামী বলেন, “আমার স্ত্রীর কারও সঙ্গে শত্রুতা ছিল না। খুব সাধারণ জীবন যাপন করত সে। এমন নিষ্ঠুরভাবে ওকে মেরে ফেলবে, কল্পনাও করতে পারছি না।”

নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মোমিন বাবলু বলেন, “এমন বর্বর হত্যাকাণ্ড আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি। মানুষ খুব আতঙ্কিত। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলছে, খুব দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন