টেকনাফে এক লাখ ইয়াবাসহ যুবদল নেতা আটক।
কক্সবাজার,আজ বুধবার ২৮ মে ২০২৫:
কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ মো.ইকরাম (২৯) নামে যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এবং ওই এলাকার বাসিন্দা।
বুধবার (২৮ মে) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টে থামাতে গেলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে বাধা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তার কাঁধের ব্যাগ তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইকরাম, ইয়াবা ও মোটরসাইকেলকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মতামত দিন