কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত।
ঝিনাইদহ,আজ বুধবার ২৮ মে ২০২৫:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নায়েব আলী মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী মোল্লা স্থানীয় বাসিন্দা আব্দুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, একই গ্রামের ইউনুস আলীর সঙ্গে নায়েব আলীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমির পাশে কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুস আলী ও তার ছেলে আলামিন হোসেন লাঠি হাতে নায়েব আলীর ওপর চড়াও হন।হামলার সময় লাঠির আঘাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে স্বজন ও আশপাশের লোকজন দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “আহত অবস্থায় আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়।”
এদিকে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও লিখিত অভিযোগ আসেনি, তবে প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা আছে, ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত দিন