অপরাধ
ছবি: সংগৃহীত

হাতিরঝিলের ফুটওভার ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

রাজধানীর হাতিরঝিলে ফুটওভার ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা পথচারীরা ব্রিজের নিচে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “অজ্ঞাতনামা যুবকটির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে, তারা ঘটনার তদন্ত করছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহলের সৃষ্টি হয়। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।

মতামত দিন