অপরাধ
ছবি: সংগৃহীত

মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই: সন্দেহভাজন একজন আটক।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুরের আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে  আহত হন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাহমুদুল ইসলাম জানান, সকালবেলা বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের অফিসে যাওয়ার পথে ফায়ার সার্ভিস ও সুইমিংপুলের মাঝামাঝি স্থানে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা তার কাছে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। তখনই দুর্বৃত্তরা কোমরের বাম পাশে গুলি করে ও ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে পুলিশের মিরপুর জোনের ডিসি মো. মাকছুদুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে।সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, অপরাধে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মতামত দিন