মিরপুরে প্রকাশ্যে ছিনতাই, গুলিবিদ্ধ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা লুট।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। দুর্বৃত্তদের গুলিতে আহত হন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুরের আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। আহত মাহমুদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী জানান, বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস ভবনের মাঝামাঝি স্থানে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা সঙ্গে থাকা টাকার ব্যাগ চাইলে তিনি অস্বীকৃতি জানান। তখন এক ছিনতাইকারী তার কোমরের বাম পাশে গুলি করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আহতের পরিবারের বরাতে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছে থাকা ২২ লাখ টাকা নিয়ে গেছে।
পুলিশ বলছে, এটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা হতে পারে এবং খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মতামত দিন