অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরে অস্ত্রসহ চিহ্নিত অপরাধী সোহাগ মৃধা গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ সোহাগ মৃধা ওরফে পাগলা সোহাগ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি ৭.৬৫ মিমি পিস্তল,একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি।

গ্রেপ্তারকৃত সোহাগ সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের শহিদ মৃধার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা বিভিন্ন থানায় চলমান রয়েছে।

সোমবার (২৬ মে) গভীর রাতে, অর্থাৎ রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।টেপাখোলা লেকপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান মঙ্গলবার (২৭ মে) বিকেলে সাংবাদিকদের বলেন, “আটক সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। একইসঙ্গে তাকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।”

তিনি আরও বলেন, “এই ব্যক্তির সঙ্গে যাঁরা সম্পৃক্ত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান রয়েছে।”

পুলিশ বলছে, এলাকায় সোহাগ মৃধা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিচিত ছিলেন।

মতামত দিন