অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৮।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্যও উদ্‌ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটির তদন্তে অগ্রগতি হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে নিহত সাম্যের ভাই এস এ এম শরীফুল আলম শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এজাহার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী—সাম্য, বায়েজিদ ও রাফি মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরীণ সড়ক দিয়ে কালীমন্দিরের গেটের দিকে যাচ্ছিলেন। মুক্তমঞ্চের উত্তর পাশে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর শুরু হয় বাগ্‌বিতণ্ডা। পরে অপর পক্ষের আরও তিনটি বাইকে থাকা অন্তত ১০ জন বহিরাগত যুবক এসে তাদের ঘিরে ধরে।

একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গুরুতর জখম হন সাম্য। রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে যান তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তার নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ডিবি জানায়,গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে পূর্বপরিকল্পনা ও সংঘবদ্ধ অংশগ্রহণের চিত্র উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে অধিকতর তথ্য পরে জানানো হবে।

মতামত দিন