ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক।
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও,আজ সোমবার ২৬ মে ২০২৫:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের মিরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ ঘটনা নজরে আসে।
স্থানীয় জবিবর রহমান জানান, ওই কবরস্থানে তার চার আত্মীয়—আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ আরও একজনকে দাফন করা হয়েছিল। কেউ মারা গেছেন দুই বছর আগে, কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন হয় আমিরুল ইসলামের। কবরগুলোতে আর মরদেহ নেই, বাশঁ দিয়ে ঘেরা স্থাপনাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, মাটি খোঁড়ার চিহ্নও স্পষ্ট। এতে নিশ্চিত হওয়া যায় কঙ্কাল চুরি হয়েছে। তবে কারা এই কাজ করেছে বা কেন করেছে তা নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী।
রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত তিন মাসে ঠাকুরগাঁওয়ের পাঁচটি কবরস্থানে কঙ্কাল চুরির একাধিক ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

মতামত দিন