অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানে সরকার।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ রোববার (২৫ মে) — অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার (২৫ মে) এক ফেসবুক পোস্টে জানান, ইতোমধ্যেই অনলাইন জুয়ায় ব্যবহৃত প্রায় এক হাজার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।
স্ট্যাটাসে তিনি বলেন, “অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। আপনার জানামতে কোনো জুয়ার অ্যাকাউন্ট বা আর্থিক লেনদেনের তথ্য থাকলে তা দ্রুত রিপোর্ট করুন।”
তিনি জানান, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০, ২১ ও ২২ ধারায় সাইবার স্পেসে জুয়া খেলা, সেই সম্পর্কিত অ্যাপস বা পোর্টাল পরিচালনা, অর্থ লেনদেন, প্রচার বা বিজ্ঞাপন — সবকিছুই দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৩০ ধারা অনুযায়ী, পূর্বে জুয়ার কারণে যারা প্রতারিত হয়েছেন, তারা ক্ষতিপূরণের জন্য মামলা করার সুযোগ পাবেন।
উপদেষ্টা আরও জানান, সরকার ইতোমধ্যে ১,১০০-এর বেশি জুয়া সংশ্লিষ্ট এজেন্ট ও মাধ্যম শনাক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। মোবাইল ফাইন্যান্সিং, রেগুলার ব্যাংকিং, হুন্ডি বা ক্রিপ্টো লেনদেনকারী যেকোনো সংস্থা বা ব্যক্তি এ অভিযানের আওতায় আসবে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে— যারা আগে এই কার্যক্রমে জড়িত ছিলেন, তারা যেন এখনই সরে আসেন। একইসঙ্গে কোনো ব্যক্তি বা মিডিয়া পারসোনালিটির অনুমতি ছাড়াই তার ছবি বা ভিডিও অনলাইন জুয়ার বিজ্ঞাপনে ব্যবহৃত হলে তাকে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার স্পেসে অনলাইন জুয়ার কারণে দেশজুড়ে বহু মানুষ আর্থিকভাবে সর্বস্বান্ত হয়েছেন, কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, “জুয়া একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং জনগণের সহযোগিতা কামনা করছে।”
সংশ্লিষ্ট যেকোনো তথ্য notify@ncsa.gov.bd ঠিকানায় পাঠিয়ে সরকারকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন