রাজধানীতে বকশিসের নামে হিজড়াদের চাঁদাবাজি, ভোগান্তিতে ব্যবসায়ীরা।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ রোববার (২৫ মে) — রাজধানীতে ঈদের আগমুহূর্তে বকশিসের নামে চাঁদাবাজির ঘটনা বেড়েই চলেছে। প্রতিবছরের মতো এবারও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হিজড়াদের দৌরাত্ম্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, হিজড়ারা দলবদ্ধভাবে দোকানে প্রবেশ করে বড় অঙ্কের বকশিস দাবি করছে। দোকান মালিকরা অভিযোগ করেছেন, নির্ধারিত অঙ্কের টাকা না দিলে তারা শুরু করে অশ্লীল অঙ্গভঙ্গি, চিৎকার-চেঁচামেচি ও ক্রেতাদের সামনেই ব্যবহার করছে অশালীন ভাষা।
বিশেষ করে স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড লাইভ শপিং-এর একাধিক আউটলেটে এদিন এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্রয়কর্মীরা জানান, বিক্রির ব্যস্ত সময়ে দোকানে প্রবেশ করে হিজড়ারা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাবি করে। দাবিকৃত অঙ্ক দিতে অস্বীকৃতি জানালে তারা ক্রেতাদের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে অর্থ দিয়ে তাদের বিদায় করে।
লাইভ শপিং-এর এক কর্মকর্তা বলেন, “আমাদের একাধিক আউটলেটে আজ সকাল থেকেই হিজড়ারা এসে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছে। দোকানে থাকা নারী ক্রেতারাও বিব্রত হয়েছেন তাদের আচরণে। এটা কার্যত এক ধরনের জোরপূর্বক চাঁদাবাজি।”
রাজধানীর অন্যান্য ব্যবসায়ীরাও একই ধরনের অভিযোগ করেছেন। বিশেষ করে ঈদের সময় ঘনিয়ে আসলে হিজড়াদের তৎপরতা বাড়ে বলেও জানান তারা।
ব্যবসায়ীদের দাবি, বকশিস বা অনুদানের নামে কোনো গোষ্ঠী যদি ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করে, তবে তা স্পষ্টতই চাঁদাবাজির পর্যায়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।
সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পেতে পুলিশ ও সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা চালাতে পারেন এবং সাধারণ ক্রেতারাও হয়রানিমুক্ত পরিবেশে কেনাকাটা করতে পারেন।

মতামত দিন