পোশাককর্মী হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালত এই আদেশ দেন।
নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে থাকা আইভীকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত রাখা হয়।
মামলার সরকারি কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়নের ভাষ্য, এই রিমান্ডের মধ্য দিয়ে মিনারুল হত্যাকাণ্ডের প্রকৃত পটভূমি—যেমন গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো—উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, আইভীর পক্ষে আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, মিনারুল আসলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং এ সংক্রান্ত ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলায় সাবেক মেয়র আইভীকে জড়ানো হয়েছে। তিনি আরও জানান, মামলায় এ পর্যন্ত ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আদালত মেডিকেল প্রতিবেদন আমলে না নিয়ে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। এরপর ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

মতামত দিন