অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে কমলালেবুর আড়ালে ৩০ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ।

চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে আনা এক কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউজ। এতে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে এ তথ্য জানান চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের ৪০ ফুটের একটি কনটেইনার তল্লাশি করে অস্কার ও ল্যামার ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়।আমদানিকারক প্রতিষ্ঠান আহসান কর্পোরেশন ১৫ মে চালানটি বন্দরে নিয়ে আসে এবং কমলালেবু থাকার ঘোষণা দেয়।

কাস্টমস সূত্র জানায়, কমলালেবুর ওপর করহার যেখানে ৯০ শতাংশ, সিগারেট আমদানিতে তা ৩২০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে জাল কাগজপত্র ও মিথ্যা ঘোষণা দিয়ে এই সিগারেট আনা হয়।

সিএন্ডএফ এজেন্ট হিসেবে পণ্য খালাসের দায়িত্বে ছিল ‘দিবা ট্রেডিং লিমিটেড’। ঘটনার তদন্ত চলছে।জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

মতামত দিন